ভিসা-মাস্টারকার্ড বর্জন করে ট্রয় ব্যবহার বাড়াচ্ছে তুরস্ক
গাজায় নির্বিচার হামলার মাধ্যমে শিশুসহ বিপুল পরিমাণ বেসামরিক লোকজনকে হত্যা করায় ব্যাংকিং লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড বয়কট করেছে তুরস্কের নাগরিকরা। বিপরীতে তারা এখন ব্যবহার বাড়িয়েছেন নিজেদের লেনদেন সেবা ট্রয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রয় ব্যবহারের পক্ষে জনমত গড়ে তুলতে এরই মধ্যে হ্যাশট্যাগ চালু হয়েছে। হ্যাশট্যাগটি হলো #আমরা ট্রায়কার্ড ব্যবহার করতে চাই। অল্পসময়ের মধ্যেই লক্ষাধিক তুর্কি এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ব্যাংকগুলোতে গ্রাহকেরা প্রতিদিনই নিজেদের লেনদেনের জন্য ভিসা বা মাস্টারকার্ডের বিপরীতে দেশটির স্থানীয় লেনদেন কার্ড ট্রয় চালু করার আবেদন জানাচ্ছে। ভিসা ও মাস্টারকার্ড বয়কট আন্দোলনের সময়টাতে প্রায় ১ কোটি ৯০ লাখ ট্রয় কার্ড নতুন করে চালু করা হয়েছে।
২০১৫ সালে ইস্তাম্বুলভিত্তিক ইন্টারব্যাংক কার্ড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এই ট্রয় কার্ড চালু করে। বাজারে আসে ২০১৬ সালের এপ্রিলে। এটি তুরস্কের একমাত্র স্থানীয় লেনদেন ব্যাংকিং কার্ড। এই কার্ডের সাহায্যে ব্যবহারকারীরা ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড ও নেটওয়ার্ক প্রসেসিং সুবিধা পাবেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এই কার্ডকে স্বীকৃতি দেয়।







